Fact Check : লেফটেনেন্ট কিরণ শেখাওয়াতের মৃত্যু 2015 সালেই, তাঁকে নিয়ে ভুল দাবি ভাইরাল
গত মাসে পহলগামে জঙ্গি হামলার পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্য করে সেগুলোর উপর এয়ার স্ট্রাইক চালিযেছিল।
- By: Ashish Maharishi
- Published: মে 16, 2025 at 11:46 পূর্বাহ্ন
নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। গত মাসে পহলগামে জঙ্গি হামলার পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্য করে সেগুলোর উপর এয়ার স্ট্রাইক চালিযেছিল। বর্তমানে উভয় দেশের মধ্যে যুদ্ধ-বিরতি চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে। এই পোস্টে দাবি করা হচ্ছে যে, কিরণ শেখাওয়াত নামে একজন মহিলা অফিসার শহিদ হয়েছেন।
ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমানে যে উত্তেজনাময় পরিস্থিতি চলছে, তারই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় কোনও-কোনও ইউজার উক্ত দাবিকে এই সময়ের ভেবে শেয়ার করছেন। বিশ্বাস নিউজ ওই ভাইরাল পোস্ট অনুসন্ধান করে দেখেছে। তাতে জানা গেছে যে, ভাইরাল দাবিটি ভুল। লেফটেনেন্ট কিরণ শেখাওয়াতের আসলে 2015 সালেই একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। সেই সংক্রান্ত তথ্যকেই এখন কিছু লোক ভাইরাল করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কী ভাইরাল হচ্ছে
News Mission নামে এক ফেসবুক ইউজার 12 মে তারিখে একটি পোস্ট করে দাবি করেছেন, “মহিলা অফিসার কিরণ শেখাওয়াত মাত্র 27 বছর বয়সেই শহিদ হলেন।”

ভাইরাল পোস্ট যেভাবে লেখা ছিল, সেই ভাবেই এখানে তুলে ধরা হয়েছে। এই পোস্টের কথাকে সত্যি বলে ভেবে বেশ কয়েক জন ইউজার শেয়ার করছেন। এই পোস্টের আর্কাইভ ভার্সান এখানে দেখতে পারেন।
অনুসন্ধান
বিশ্বাস নিউজ এই ভাইরাল পোস্ট নিয়ে অনুসন্ধান করার জন্য সবার প্রথমে গুগল লেন্স টুল ব্যবহার করেছে। এর সাহায্যে ভাইরাল পোস্টে ব্যবহার হওয়া ছবিগুলোকে সার্চ করতে করতে আমরা ইনস্টাগ্রামে একটি পুরনো পোস্ট খুঁজে পেয়েছিলাম। 1 মে 2020 তারিখের এই পোস্টে বলা হয়েছে যে, 2015 সালে কর্তব্যরত অবস্থায় কিরণ শেখাওয়াত গোয়াতে শহিদ হয়েছিলেন।

এরপর আমরা গুগল ওপেন সার্চ টুল ব্যবহার করে আরও অনুসন্ধান চালালাম। কি-ওয়ার্ড দিয়ে সার্চ করতে করতে আমরা কিরণ শেখাওয়াত সম্পর্কিত আরও বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট দেখতে পেলাম। 29 মার্চ 2015 তারিখে প্রকাশিত খবর-এ বলা হয়েছে যে গোয়ার সমুদ্র উপকূলে একটি প্রশিক্ষণের সময় কিরণ শেখাওয়াতের বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। তার কিছু দিন পর তাঁর শবদেহ পাওয়া গিয়েছিল।
পত্রিকা ডট কম-এ প্রকাশিত একটি পুরনো খবর-এ বলা হয়েছে, “কিরণের জন্ম রাজস্থানের ঝুনঝুনু জেলার সেফরাঙ্গুওর গ্রামে 1 মে 1988 তারিখে এবং বিয়ে হয়েছিল হরিয়ানার মেওয়াতের কুর্থলা গ্রামের বাসিন্দা লেফটেনেন্ট বিবেক সিংহ ছোঙ্করের সঙ্গে। সেনার সঙ্গে পারিবারিক সংযোগ থাকার জন্যই ছোটবেলা থেকেই কিরণের মধ্যে সেনাতে ভর্তি হওয়ার তীব্র বাসনা ছিল। অবশেষে 2010 সালে তাঁর তিনি এই বাসনা চরিতার্থ করেছিলেন। বিবাহের দু’বছর পরেই তিনি শহিদ হন।”
ভারতীয় নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মধোয়াল বিশ্বাস নিউজের সঙ্গে কথোপকথনে বলেছেন যে 2015 সালে বিমান দুর্ঘটনায় লেফটেনেন্ট কিরণ শেখাওয়াত শহিদ হয়েছেন। ভাইরাল পোস্টে এখন যে তথ্য দেওয়া হচ্ছে তা আসলে পুরনো খবর।
লেফটেনেন্ট কিরণ শেখাওয়াতের পিতা বিজেন্দ্র সিংহ শেখাওয়াতের সঙ্গেও কথা বলেছে বিশ্বাস নিউজ। তিনি বলেছেন যে, সোশ্যাল মিডিয়ায় কিছু লোক তাঁর মেয়ের মৃত্যু সংক্রান্ত পুরনো পোস্ট ভাইরাল করছেন। কিরণের মৃত্যু হয়েছে 2015 সালের মার্চে।
অনুসন্ধানের শেষে আমরা সেই ইউজার সম্পর্কে অনুসন্ধান চালালাম যিনি বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করেছেন। নিউজ মিশন নামে এই ফেসবুক পেজকে 80 হাজারের বেশি মানুষ ফলো করেন। এই পেজটিকে হিমাচল প্রদেশের কুলু থেকে চালানো হয়।
সিদ্ধান্ত: বিশ্বাস নিউজের অনুসন্ধানে জানা গেছে যে ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর। 2015 সালেই একটি বিমান দুর্ঘটনায় লেফটেনেন্ট কিরণ শেখাওয়াতের মৃত্যু হয়েছিল। এই সংক্রান্ত পোস্টকেই এখন ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনাময় পরিস্থিতিতে ভাইরাল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
- Claim Review : মহিলা অফিসার কিরণ শেখাওয়াত মাত্র 27 বছর বয়সে শহিদ হলেন।
- Claimed By : FB User News Mission
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











